ইন্দোনেশিয়ায় স্কুল ধস

এখনো ধ্বংসস্তূপে চাপা ৯১ শিক্ষার্থী

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার একটি স্কুল ভবন ধসে পড়ার ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৯১ শিক্ষার্থী। গত সোমবার  বিকেলে আসরের নামাজের সময় জাভা দ্বীপের সিদোয়ারজো শহরে একটি ইসলামিক আবাসিক স্কুল ভবন ধসে পড়ে। মঙ্গলবার কর্র্তৃপক্ষ প্রথমে আটকেপড়া ৩৮ জনের কথা জানালেও পরে সেই সংখ্যা বেড়ে ৯১ জনে পৌঁছায়। ধ্বংসস্তূপে আটকেপড়াদের সন্ধানে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা নিখোঁজের সঠিক সংখ্যা নিশ্চিত করতে না পারার কথা স্বীকার করেন। ইতিমধ্যে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্র্তৃপক্ষ; সেই সঙ্গে নামাজের সময় হওয়ায় শিক্ষার্থীরা একত্রিত অবস্থায় থাকায় আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য অনুযায়ী প্রায় ৯১ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান অপারেশন কর্মকর্তা এমি ফ্রিজার জানান, উদ্ধারকারীরা মূলত জীবিতদের জীবনরক্ষাকারী সহায়তা দেওয়ার ওপর জোর দিচ্ছে। ধ্বংসস্তূপের সাতটি স্থানে জীবনের চিহ্ন শনাক্ত হয়েছে এবং সেগুলোকেই অগ্রাধিকার দিয়ে উদ্ধারকাজ চলছে। তিনি বলেন, ভবনের প্রধান কাঠামো সম্পূর্ণ ধসে গেছে। আমরা প্রথমেই সাড়া দেওয়া ভুক্তভোগীদের বাঁচানোর চেষ্টা করছি। দুর্ঘটনাস্থলের বাইরে গতকালও অসংখ্য অভিভাবক উদ্বেগ নিয়ে অপেক্ষা করছিল। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর আটকেপড়া শিক্ষার্থীদের খুঁজে বের করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছে।