যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হওয়ার আগে নতুন ব্যয় পরিকল্পনায় একমত হতে না পারায় গত বুধবার থেকে যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে। এই অচলাবস্থার মধ্যেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। আর এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট আইন প্রণেতারা। শাটডাউন শুরুর কয়েক ঘণ্টা পরই, তা বন্ধের জন্য একটি ভোট করার উদ্যোগও ব্যর্থ হয়েছে। তখন থেকেই সিনেট মুলতবি রয়েছে, যা এই অচলাবস্থাকে দীর্ঘায়িত করতে পারে। ফলে লাখ লাখ কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কা বাড়াচ্ছে।
বুধবার বিকেলে হোয়াইট হাউজের ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সঙ্গে উপস্থিত হন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে রাজনৈতিক খেলা খেলার অভিযোগ তুলে বলেন, তারা যদি জনগণের ওপর এর প্রভাব নিয়ে এতই উদ্বিগ্ন হতেন, তাহলে তারা সরকারের কর্মকাণ্ড জারি রাখার পক্ষে দাঁড়াত। লেভিট জানিয়েছেন, শাটডাউনের কারণে দুই দিনের মধ্যেই ব্যাপক হারে চাকরি থেকে ছাঁটাই করা শুরু হবে। তিনি বলেন, মাঝে মাঝে আপনাকে এমন কিছু করতে হয় যা আপনি চান না। ডেমোক্র্যাটরা আমাদের এই পরিস্থিতির মধ্যে ফেলেছে।
সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট সদস্য চাক শুমার আগেই রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের অর্থায়ন পরিকল্পনা মেনে নিতে হয়রানির অভিযোগ করেছিলেন। ব্যয় চুক্তিতে একমত হওয়ার আগে স্বাস্থ্যসেবা খাতে অর্থায়নের গ্যারান্টি সম্পর্কে নিশ্চিত হতে চান ডেমোক্র্যাটরা। অন্যদিকে সরকার চালু রাখতে একটি অস্থায়ী স্টপ গ্যাপ বা বিরতি ব্যবস্থা চায় রিপাবলিকানরা, যেটি মধ্য নভেম্বর পর্যন্ত চলবে এবং বর্তমান হারে তহবিল দেবে। ডেমোক্র্যাটরা জানিয়েছে, নিম্ন আয়ের জনগণের স্বাস্থ্যসেবার সুরক্ষায় সমঝোতার জন্য সরকারকে এই শাটডাউনের সুযোগ দেওয়া হয়েছে। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেছেন, কেন তারা সমঝোতা বর্জন করছে? আমি জীবনে কখনো এই পরিস্থিতির মুখোমুখি হইনি।