বিমানবন্দরে দুর্ব্যবহার

এনসিপির সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা।

পরে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিমানবন্দরের ঘটনার তদন্ত চলছে। দায়ী ব্যক্তিদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

ঘটনাস্থলে উপস্থিত এক ফটোসাংবাদিক গণমাধ্যমকে বলেন, ‘ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং দিচ্ছিলেন। এ সময় এনসিপির নেতাকর্মীরা উচ্চৈঃস্বরে সেøাগান দিচ্ছিলেন। সে সময় এক সাংবাদিক তাদের শান্ত থাকতে অনুরোধ করলে এনসিপির নেতাকর্মীরা তার ওপর চড়াও হন। এ ঘটনার প্রতিবাদে আমরা এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে আসি। আমরা এ ঘটনার ন্যায্য বিচার চাই।’

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সফরসঙ্গীরা ঢাকায় ফেরেন। তাদের অভ্যর্থনা জানাতে এনসিপির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত হন।  গত বুধবার রাতে দলটির পক্ষ থেকে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানো হয়েছিল।

অভিযোগ প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন সাংবাদিকদের বলেন, ‘স্টার নিউজের ওই সাংবাদিকের সঙ্গে আমরা কথা বলেছি। আখতার ভাইও তার সঙ্গে কথা বলেছেন। ঘটনার শিকার সাংবাদিকসহ উপস্থিত সাংবাদিকদের কাছে আমরা দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছি। একজন কর্মী অজ্ঞতাবশত এ ঘটনা ঘটিয়েছে। তার পরিচয় শনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার নির্দেশ :  গতকাল দুপুরে যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনের পাঠানো বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দায়ী ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে “বাংলা বসন্ত” চলছে। এরই অংশ হিসেবে আফ্রিকার কয়েকটি দেশে জেন-জিরা দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এই ঘটনাগুলো বৈশ্বিক রাজনীতিতে নতুন বার্তা বহন করছে।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আখতার হোসেন ও তাসনিম জারা যুক্তরাষ্ট্রে বিভিন্ন ফোরামে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। গতকাল দেশে ফিরে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপির সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।’

প্রমাণের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।