আরও ১৫ জনকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আরও ৮ নারীসহ ১৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। 

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক জানিয়েছেন, গত বুধবার রাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এই ১৫ জনকে বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি ওই রাতেই একটি সাধারণ ডায়েরির মাধ্যমে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। এর আগে গত মঙ্গলবার ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ তাদের আটক করেছিল। হস্তান্তরকৃত ব্যক্তিরা হলেন খুলনা জেলার কয়রা উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের রেজাউল গাজীর স্ত্রী ফজিলা খাতুন (৪৭), তার ছেলে মিলন গাজী (১৯); খুলনার ডুমুরিয়া উপজেলার জয়খালী গ্রামের সেলিম মোড়লের ছেলে সবুজ মোড়ল (২২), সবুজ মোড়লের স্ত্রী রেশমা খাতুন (২২), তাদের মেয়ে রাজিয়া খাতুন (৭); কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রামের মালেক সরদারের ছেলে জাফারুল ইসলাম (৩৮), জাফারুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (২৮), তাদের ছেলে জামশেদ আলী (১২), মেয়ে জীম সুলতানা (৩); ৪ নম্বর কয়রা গ্রামের ওমর আলী সরদারের ছেলে এলেম সরদার (৪৯), এলেম সরদারের স্ত্রী আকলিমা (৪৪), তাদের মেয়ে আছিয়া খাতুন (১১); মহারাজপুর গ্রামের মৃত মো. জিয়াদ আলী গাজীর ছেলে মো. আহসান হাবিব খোকন (৪২), আহসান হাবিব খোকনের স্ত্রী রওশন আরা বেগম (৩৮), তাদের ছেলে সোহান গাজী (৫)। 

তারা জানান, সাধারণত কাজের সন্ধানে বা আত্মীয়স্বজনের কাছে যাওয়ার জন্য কিছু মানুষ অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যায়।

বিজিবি জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফ তাদের আটক করে। বুধবার সন্ধ্যায় বিএসএফ আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরার তলুইগাছা বিজিবির কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। 

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিনুল হক জানান, বিজিবি কর্র্তৃক হস্তান্তরিত ১৫ বাংলাদেশি নাগরিকের নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।