তুরাগে প্রতিমা বিসর্জনে নৌকাডুবি

এক শিশুর লাশ উদ্ধার আরেকজন নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ নদীতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়। ঘটনার একদিন পর গতকাল শুক্রবার ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নিখোঁজ শিশুদের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে। এদিন সকালে উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদী থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু হলো কালিয়াকৈর উপজেলার হিজলতলী ঋষিপাড়া এলাকার প্রবাস মনি দাসের মেয়ে অঙ্কিতা মনি দাস (৫)। এছাড়া নিখোঁজ রয়েছে একই এলাকার তাপস মনি দাসের ছেলে তন্ময় মনি দাস (৯)।

এলাকাবাসী, পরিবার, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য ইঞ্জিনচালিত নৌকায় করে চাপাইর সেতুর কাছে তুরাগ নদীতে সমবেত হন। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে নদীর তীরে দুটি নৌকার মধ্যে সংঘর্ষের কারণে একটি নৌকা পানির নিচে তলিয়ে যায়। ওই নৌকায় থাকা ১০ থেকে ১২ জনের মধ্যে অধিকাংশই সাঁতার কেটে তীরে পৌঁছান বা অন্য নৌকায় উঠতে সক্ষম হন। তবে অঙ্কিতা এবং তন্ময় পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন, কিন্তু প্রাথমিকভাবে তারা সফল হননি। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। গতকাল সকালে এলাকাবাসী তুরাগ নদীতে একটি লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অঙ্কিতার ভাসমান লাশ উদ্ধার করে। পরে কালিয়াকৈর থানা পুলিশের উপস্থিতিতে লাশটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে অপর শিশু তন্ময় এখনো নিখোঁজ রয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের একদিন পর অঙ্কিতা নামে এক শিশুর লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিখোঁজ তন্ময়কে উদ্ধারে তাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে।