ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো শঙ্কা বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শুক্রবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফর প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, সফরটি অত্যন্ত সফল হয়েছে।
দলের নেতাকর্মীদের বার্তাও দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বার্তা একটাই, আমাদের এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য সব ব্যবস্থা করতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশমতো আমরা নির্বাচনের প্রস্তুতি নেব।’
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে সেখানে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।