সুষ্ঠু নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গতকাল শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
নিজের ওপর সাম্প্রতিক সময়ের হামলার কথা উল্লেখ করে নুর বলেন, ‘শেখ হাসিনার আমলেও আমাদের ওপর এমন বর্বর হামলা হয়নি। যত বড় অফিসারই হোক এই হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
এর আগে নুরকে সংবর্ধনা দিতে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদ ও তার অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী। বেলা পৌনে ১১টার দিকে নুরের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। ১২ দিন সিঙ্গাপুরে অবস্থানকালে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করান নুরুল হক নুর।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন বলে দাবি করেন দলটির নেতাকর্মীরা। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দীর্ঘ ১৮ দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় যান নুর। এরপর ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়।