ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ৩৭৪ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৩৭৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৭৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৩, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৮, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২০৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৮ হাজার ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ৪৬ হাজার ৩৫৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ৩০৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।