নওগাঁর রাণীনগরে মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (০৫ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ছোট যমুনা নদীর তীরে কৃষ্ণপুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের (৪৮) উপজেলার কৃষ্ণপুর সরদারপাড়া গ্রামের মৃত আশরাফ হাজী মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে আবু তাহের গরুকে খাস খাওয়ানোর জন্য ছোট যমুনা নদীর তীরে কৃষ্ণপুর এলাকায় মাঠে যান। মাঠে গরু চোরানোর সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠে গরু রেখে একটি বটগাছের নিচে আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।