বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নে বজ্রপাতে শেফালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেফালি বেগম ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী। বিকেল ৪টার দিকে নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে শেফালি বেগম বাড়ির পাশে ইছামতী নদীর তীরে তীরমোহনী মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী শফিক ইসলাম জানান, আমি নদীর এপারে বসে ছিলাম, হঠাৎ বজ্রপাতের শব্দ ও চিৎকার শুনে নদী পার হয়ে গিয়ে দেখি মাঠের মধ্যে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসি।
নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার বলেন, দুপুরে বজ্রপাতে শেফালি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
