ফ্যাসিস্টরা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়েছে

‘শারদীয় দুর্গাপূজায় ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করা হয়েছিল। এই চক্রান্তের পেছনে ফ্যাসিস্টের দোসরদের মদদ রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

গতকাল রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কিছু ফ্যাসিস্ট তাদের সহযোগী ও বুদ্ধিজীবীদের ইন্ধনে কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। কিন্তু সবার সহযোগিতায় আমরা এই কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘কমিটির মিটিং প্রতি সপ্তাহেই হয়। এতে আমাদের দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শারদীয় দুর্গাপূজা সম্পর্কে আলোচনা হয়েছে। বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আলোচনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে কিছু আলোচনা হয়েছে। চাঁদাবাজি, মাদক, রোহিঙ্গাদের বিষয়েও আলোচনা হয়েছে। আমাদের যে ভুলগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘ধর্ষণের অভিযোগ তুলে চট্টগ্রামকে অশান্ত করার পেছনেও ফ্যাসিস্টদের দোসরদের মদদ রয়েছে, যা ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। পাশের একটি দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরির সময় আমাদের প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপনের যে সংবাদ পাওয়া গেছে, অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে, গোয়েন্দা সংস্থার কড়া নজরদারিতে দুর্গাপূজা উদযাপনের জন্য গঠিত পূজামণ্ডপ কমিটির সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় আমরা এই কুচক্রীদের চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছি। ফ্যাসিস্ট তাদের সহযোগীদের মাধ্যমে সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। এ ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরও ইন্ধন ছিল। কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের মতো এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে হয়েছে। সেজন্য আমি সেনাবাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, সর্বোপরি সব সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাই আপনাদের তথা বিভিন্ন গণমাধ্যমকে, যারা সঠিক তথ্য পরিবেশন করে জনগণকে সচেতন করেছেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রত্যেকটি ক্ষেত্রে জিডি করা হয়েছে, তদন্ত চলছে। এ ছাড়া কিছু জায়গায় পূজামণ্ডপ ভাঙা হয়েছে। তবে সংখ্যাটা এই মুহূর্তে আপনাদের বলতে পারব না। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, যেহেতু এটা তদন্ত চলছে।’