বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি। গতকাল সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও ছিলেন।
দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে ছিলেন।
এক ঘণ্টার অধিক সময় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্কের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। দুদিনের সফরে সকালে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসেন।
বৈঠকের পর আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘দুই দেশের মধ্যে আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব যেটা জিয়াউর রহমান সাহেবের সময় থেকে হয়েছে, ওআইসিতে জিয়াউর রহমানসহ তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সে বিষয়গুলো আলোচনায় এসেছে। আগামী দিনে ওআইসিকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা, সবক্ষেত্রে কো-অপারেশন বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। তার্কিজ বিনিয়োগ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে করার বিষয়টিও আলোচনায় এসেছে, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন সেটাকে আরও কীভাবে বাড়ানো যায়, আপনারা জানেন, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এই নামটাই দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’
তিনি জানান, তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে অধিকতর বিনিয়োগের জন্য। দুই দেশের চেম্বারগুলোকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। তুরস্কও সেই নির্বাচনের অপেক্ষায় আছে। তারাও নির্বাচন পরবর্তী ‘‘আগামীর বাংলাদেশ’’ দেখতে চায়, সেই সরকারের সঙ্গে সম্পর্ক শক্তিশালী কীভাবে করা যায়, তা নিয়েও আমরা আলোচনা করেছি। সবার মতো তার্কিজও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এলে সেই সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তার্কিজ গভর্নমেন্ট বাংলাদেশের সঙ্গে ডিফেন্স সেক্টরে যে কো-অপারেশনটা আছে সেটা অব্যাহত থাকবে। তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেটআপ করার জন্য বাংলাদেশের সঙ্গে আলাপ-আলোচনায় আছে। আগামীকালকে হয়ত সরকারের সঙ্গে তাদের আলোচনা হবে। সে বিষয়ে আমাদের কো-অপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা তাদের বলেছি।’
আগামীকাল ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। এতে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী। তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করবেন।