পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামি ছিনতাই

ফেনীর সোনাগাজীতে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের অস্ত্র-ওয়াকিটকি ছিনতাই করে হামলাকারীরা। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে  উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে।

জানা গেছে, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম রিপন নামে এক চিহ্নিত ডাকাতকে সোনাগাজী মডেল থানার সহকারী উপপুলিশ পরিদর্শক সাইদুরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। একই সময়ে তার ভাই রফিকুল ইসলাম আরিফকেও পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাওয়ার পথে তাদের স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র-ওয়াকিটকি লুট করে তাদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলায় এএসআই সাইদুর রহমান, মোফাজ্জেল হোসেন সহ ৬ পুলিশ সদস্য আহত হয়। পরে মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো মতে পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, গেস্খপ্তারকৃত রিপনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির ৯টি মামলা রয়েছে।