পৌনে ৩ লাখ টাকা ঘুষগ্রহণ

কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তাসহ দুজনের নামে মামলা

২ লাখ ৭৬ হাজার টাকা ঘুষগ্রহণের অভিযোগে কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারসহ দুজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার বিকেলে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

দুদক মহাপরিচালক বলেন, ক্ষমতার অপব্যবহার করে সিঅ্যান্ডএফ এজেন্টদের অবৈধ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ২ লাখ ৭৬ হাজার টাকা ঘুষগ্রহণের অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলায় কাস্টম হাউজ যশোর বেনাপোল অফিসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার এবং এনজিওকর্মী হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।

দুদকের তথ্যমতে, কাস্টম হাউজ বেনাপোল অফিসের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সিঅ্যান্ডএফ এজেন্টদের অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ পায় দুদক। কমিশনের অনুমোদনের ভিত্তিতে সোমবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল ছদ্মবেশে কাস্টম হাউজ বেনাপোল অফিসের আশপাশে অবস্থান করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। দুদক দল জানতে পারে যশোরের অ্যাসেসমেন্ট গ্রুপ-৬-এর রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের ঘুষের টাকা এনজিওকর্মী হাসিবুর রহমান নিয়মিত সংগ্রহ করেন এবং সংগৃহীত টাকা যশোরের গেটের বিপরীত পাশে অবস্থিত সুরুজ মিয়ার বিকাশের দোকানে গচ্ছিত রাখেন। পরে সেখান থেকে সুবিধামতো সময়ে হাসিবুর রহমান ঘুষের টাকা রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের কাছে পৌঁছে দেন। অভিযানের দিন হাসিবুর রহমান সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছ থেকে আদায় করা ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকা রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারের হাতে দেওয়ার সময় গ্রেপ্তার করা হয়। ঘুষগ্রহণের বিষয়টি রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার স্বীকার করেন। এ ঘটনায় গতকাল মামলা করে দুদক। মামলার এজাহারভুক্ত আসামি রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে যশোর থেকে গ্রেপ্তার করে।