ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সানজিদা ইসলাম। বিশ্ববিদ্যালয়টির ইতিহাস বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী তিনি। গতকাল বুধবার বেলা পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের সাইদুর রহমানের মেয়ে সানজিদা।
সানজিদার মামা তুষার খন্দকার জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন সানজিদা। এক বছর আগে তার বিয়ে হয়। স্বামী তাজ আহমেদ গার্মেন্টস ব্যবসায়ী। স্বামী-স্ত্রী দুজন ঢাকার বিমানবন্দর এলাকায় থাকতেন।
তিনি আরও জানান, গত দুই মাস আগে সানজিদার শরীরে একটি অপারেশন হয়। এরপর বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। পরে বাসায় ফিরলেও তার শরীরে ব্যথা অনুভব করতে থাকেন। তখন থেকে এর চিকিৎসা চলছিল। গত দুদিন আগে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার সেখানে তার ডায়রিয়া দেখা দেয়। তখন তাকে নিয়ে যাওয়া হয় কলেরা হাসপাতালে। অবস্থার অবনতি দেখে মঙ্গলবার মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়। গতকাল সকালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসক ও স্বজনরা জানতে পারেন, ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সানজিদা। বিষয়টি জানার এক ঘণ্টা পরই তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ গ্রামের বাড়ি মেহেরপুরে নিয়ে যান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই তরুণী মেডিসিন ওয়ার্ডের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে মারা যাওয়ার পর স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭০০ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা গেল ২২০ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৭০০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ১০৪ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা এবং অন্যতম ঢাকা উত্তর সিটি করপোরেশনের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে ১৪২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৪ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ৩২ জন এবং রংপুর বিভাগে ১০ জন রোগী রয়েছে।