রাজধানীর শাহবাগ থানাধীন পৃথক স্থান থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে জাতীয় ঈদগাহ মাঠ এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন ফুটপাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফুটপাত থেকে এক ব্যক্তিকে (৪০) অচেতন অবস্থায় উদ্ধার করি। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে শাহবাগ থানার এসআই মো. ইলিয়াস কবির বলেন, খবর পেয়ে মসজিদের পাশে ফুটপাতে অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত ঢামেকে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, ওই নারীও ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া জাতীয় ঈদগাহ মাঠসংলগ্ন ফুটপাত থেকে আরও এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই গোলাম রাসেল পারভেজ বলেন, খবর পেয়ে ঈদগাহ মাঠের পাশে ফুটপাত থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করি। ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনটি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর, তিনটি মরদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আশরাফ মণ্ডল। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি। তিনটি মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া এই ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।