কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী টেন্ডারবাজ চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী আহমেদ। গতকাল শনিবার দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী আহমেদ আরও বলেন, নম্র ভদ্র ব্যক্তিত্ব শিক্ষক, কৃষক, শ্রমিক খেটে খাওয়া সাধারণ মানুষকে সদস্য করতে নির্দেশনা রয়েছে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, এই দলে অনেকে আসার সুযোগ খুঁজবে।
এ সময় তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছিলেন উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের পর দেশ যখন নতুন করে এগিয়ে যাচ্ছিল ২০০৯ সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মইনুদ্দিন-ফখরুদ্দীন বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্টের হাতে তুলে দিয়েছিল।’
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কমিটির নির্বাহী সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ডা. মাজহারুল আলম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান জাহিদ এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ। রিজভী বলেন, ছাত্ররা একটি রাজনৈতিক দল তৈরি করেছে। গণতন্ত্রের বিকাশ হবে, আমি এটি ভালো চোখে দেখি, ছোট ভাইয়েরা আপনারা কেন আপনাদের দলীয় প্রতীক নিয়ে এত জেদ করছেন। কেন আপনাদের প্রতীকের সঙ্গে ধানের শীষকে মিলাচ্ছেন? ধানের শীষ তো আপনাদের জন্মের আগে আমাদের বিএনপির দলীয় প্রতীক। অনুষ্ঠান শেষে তিনি চিলাই নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুর মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীর হাতে দলের নিয়ম অনুযায়ী সদস্য ফরম বিতরণ করা হয় এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।