মনোনয়ন বাণিজ্যের জন্য পিআর নিয়ে বিরোধিতা হচ্ছে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, চোর, ডাকাত, চাঁদাবাজদের যারা নির্বাচিত করতে পারবে না, তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছেন। তিনি গতকাল শনিবার সকাল ৯টায় খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে ও বিকেলে কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন কীভাবে হবে তা নির্ধারণে গণভোট নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণ যদি পিআরের পক্ষে ভোট না দেয়, জামায়াত সেই রায় মেনে নেবে।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন হয়নি। একটি দলকে খুশি করতে প্রশাসন তাদের দিকে ঝুঁকে পড়েছে। প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ করতে হবে।

 তিনি বলেন, ৫৪ বছরের ইতিহাসে অনেক শাসন আমরা দেখেছি। এখন দেশের মানুষ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে। সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের জনপদ থেকে যে জোয়ার সৃষ্টি হয়েছে তাকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, আমিরে জামায়াত বলেছেন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমাদের আগামীর সংগ্রাম হবে দুর্নীতির বিরুদ্ধে। আমরা একবার ক্ষমতার অংশীদার হয়েছিলাম, আমাদের দুজন মন্ত্রী ছিল। সব সংস্থা তন্নতন্ন করেও তাদের কোনো দুর্নীতি খুঁজে পায়নি। আগামী দিনে জামায়াত ক্ষমতায় গেলে এই দলের এমপিরা ফ্রি প্লট, ট্যাক্স ফ্রি গাড়ি, ফ্ল্যাট নেবে না।

সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান। বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, গাউসুল আযম হাদী প্রমুখ।