জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অবিলম্বে সনদের বাস্তবায়ন ও গণহত্যাকারীদের বিচারসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছে ‘আমরা জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন। তারা বারবার সচিবালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে পুলিশের একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন সংগঠনটির সদস্যরা। এরপর তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। পরে সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে যান তারা। সেখানে নিজেদের অবদানের পাশাপাশি ন্যায্য দাবিসমূহ তুলে ধরেন জুলাই যোদ্ধারা। এ সময় পুলিশ বাধা দেয় তাদের।
‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন, ‘সরকারকে বারবার সময় দিলেও আমাদের দাবি মেনে নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা আবারও রাজপথে নেমে এসেছি।’
তিনি আরও বলেন, ‘পুলিশ আমাদের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। এখন পর্যন্ত আমাদের স্বীকৃতির উদ্যোগ নেওয়া হয়নি। বরং নানাভাবে জুলাইকে হেয় করার প্রবণতা দেখা যায়। আমরা আমাদের দাবি উল্লেখ করে স্মারকলিপি দিয়েছি। তবে দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’