শাপলা প্রতীকেই নির্বাচন করবে এনসিপি : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে তাদের দলের কোনো আইনি বাধা নেই। তিনি আশা প্রকাশ করেন, স্বাধীন নির্বাচন কমিশন কোনো প্রভাবে প্রভাবিত না হয়ে শাপলা প্রতীক বরাদ্দ করবে। আর সেই প্রতীকেই নির্বাচন করবে তাদের দল।

গতকাল সোমবার দুপুর ২টার দিকে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, ‘আমরা আইন বিশেষজ্ঞ, সচিব ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি। শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বাধা নেই। আমরা আশা করি, নির্বাচন কমিশন স্বচ্ছভাবে এই প্রতীক আমাদের দেবে এবং আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা আমরা পেয়েছি। খুনের ঘটনায় সরাসরি জড়িত ও নির্দেশদাতাদের বিচারে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে। এমন আস্থা পেলে আমরা মনে করি, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা থাকবে না।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, তারা দলের নাম ও শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুল রহমান বকুলসহ জামালপুরের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টার দিকে জামালপুর জেলা পরিষদ হলরুমে সারজিস আলম জেলা ও উপজেলার নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা করেন।