‘আমার এক কথায় ইউএনও বদলি হয়ে যান বান্দরবান। ডিসি আমার কাছে কিছুই না। আমার সঙ্গে বিচারপতিদের সম্পর্ক রয়েছে। তোকে দেখে নেব।’ নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের তমরদ্দি বাজারে টিসিবি ডিলার নিয়োগের আবেদন যাচাইয়ের সময় তদন্তকারী কর্মকর্তার প্রতি এমন হুমকি দিয়েছেন এক বিএনপি নেতা। ঘটনাটি গতকাল মঙ্গলবার সকালে সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ৪২ সেকেন্ডের একটি ভিডিওতে ধরা পড়েছে।
ভিডিওতে দেখা যায়, তমরদ্দি ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আলী উত্তেজিত হয়ে তদন্তকারী কর্মকর্তাকে আক্রমণের চেষ্টা করছেন এবং অশোভন ভাষায় গালিগালাজ করছেন। পাশে থাকা ব্যক্তিরা তাকে শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। একপর্যায়ে তদন্তকারী কর্মকর্তাকে মাথা নিচু করে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, হাতিয়ায় টিসিবি ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর তমরদ্দি ইউনিয়নে ২০ জন আবেদন করেন। আবেদনপত্র যাচাইয়ের দায়িত্ব পান উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন। তিনি আব্দুল আলীর আবেদনকৃত ঘর পরিদর্শনে গেলে তা তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তালা খোলার অনুরোধ করা হলে আব্দুল আলী কর্মকর্তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হুমকি দেন। অভিযুক্ত আব্দুল আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাকে না জানিয়ে তদন্তে আসা হয়েছিল। অন্য মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘর খুলতে দেরি হওয়ায় তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করেন। রাগের মাথায় আমি নিয়ন্ত্রণ হারিয়ে দু-একটি কথা বলে ফেলেছি।’
ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাহার বলেন, ‘আব্দুল আলী বিএনপির একজন সাধারণ কর্মী, কোনো পদে ছিলেন না। ৫ আগস্টের পর তাকে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় দেখা গেছে। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজ করলে তার কোনো সুযোগ নেই।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন বলেন, ‘টিসিবি ডিলার নিয়োগের আবেদনকারীদের তথ্য যাচাইয়ে মাঠ পরিদর্শনে যাই। আব্দুল আলী একজন প্রার্থী হিসেবে তদন্তে সহযোগিতা না করে মিথ্যা তথ্য দেন। এ বিষয়ে প্রশ্ন করায় তিনি আমাকে অশোভন ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন হুমকি দেন। স্থানীয়দের সহায়তায় আমি ঘটনাস্থল ত্যাগ করি। এ ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘সমাজসেবা কর্মকর্তা আমাকে বিষয়টি অবহিত করেছেন। ভিডিওতে তাকে অপমান ও অপদস্থ করার দৃশ্য দেখেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’