ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আগামী নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ

আগামী জাতীয় নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। এ নির্বাচন শুধু দেশের নয়, বরং জনগণের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি হলরুমে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সামনে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রাজনৈতিক ভুলের কারণে ফ্যাসিস্ট শক্তির কবলে পড়া যাবে না। দেশের জনগণ এবং আমরাও আর ফ্যাসিস্ট শাসন দেখতে চাই না।’

তিনি আরও বলেন, ‘দানবীয় দুঃশাসনের পর আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল পার করছি। গত ১৫ বছর ধরে একটি ফ্যাসিস্ট দল বাংলাদেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সবকিছু ধ্বংস করেছে। তাদের বিরুদ্ধে লড়াই শেষে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। এই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

নির্বাচন ও ভিন্নমত প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, যারা আমাদের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের পতনের লড়াইয়ে একসঙ্গে ছিলেন, তাদের মধ্যে অনেকে এখন ভিন্নমত পোষণ করছেন। এটা তাদের অধিকার। কিন্তু ভিন্নমতকে কেন্দ্র করে আবার আন্দোলনের পথে যাওয়া গ্রহণযোগ্য নয়। কারণ, তারা যে দাবিগুলো তুলছেন, তা নির্বাচনের পর নির্বাচিত পার্লামেন্টে পূরণ করা সম্ভব।’

সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবসময় সংস্কারের পক্ষে। কিন্তু প্রচারণা চালানো হচ্ছে যে, বিএনপি নাকি সংস্কারের বিরোধী। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মাধ্যমে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতাও নিশ্চিত করেছিলেন।’

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।