কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় পৌনে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি মিনি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার ভেতরে কামারখাঁ জোড়া ব্রিজ এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি মিনি কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯০১টি ভারতীয় উন্নত মানের শাড়ি ও ১ হাজার ৪৯৭টি বিভিন্ন প্রকার মোবাইল ফোনের ডিসপ্লে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা।
লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকায় চোরাচালান কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। জব্দ করা পণ্যসমূহ বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।