ইকার্দির জন্য সৌদি ক্লাবের ‘মেগা অফার’

আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড মাউরো ইকার্দিকে ঘিরে আবারও জমে উঠেছে ট্রান্সফার জল্পনা। তুরস্কের গালাতাসারাই ক্লাবে থাকা এই স্ট্রাইকারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, কারণ তার চুক্তি শেষ হতে যাচ্ছে চলতি মৌসুমের শেষে। এর মাঝেই জানা গেল, ইকার্দিকে বছরে ১০ মিলিয়ন ইউরোর (প্রায় ১২ মিলিয়ন ডলার) বিনিময়ে দলে নিতে চায় সৌদি আরবের নিওম স্পোর্টস ক্লাব।

ইতালির সংবাদমাধ্যম ‘তুত্তোমারকাতো’ জানিয়েছে, ক্লাবের পক্ষ থেকে ইকার্দিকে দুই বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই আলোচনাটি আনুষ্ঠানিক রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের সংবাদপত্র ‘হুরিয়েত’ সৌদি ক্লাবের প্রস্তাবটিকে ‘মেগা অফার’ বলে অভিহিত করেছে। অন্যদিকে, গালাতাসারাই সভাপতি দুরসুন ওজবেক বলেছেন, কোচিং স্টাফের রিপোর্টের ভিত্তিতে ইকার্দির চুক্তি নবায়নের বিষয়ে সিদ্ধান্ত হবে।

গালাতাসারাইয়ের সঙ্গে ২০২২ সালে যোগ দেওয়ার পর থেকেই ইকার্দি ক্লাবটির প্রধান ভরসা। এখন পর্যন্ত তিনি দলের হয়ে ৯৬ ম্যাচে ৬৬ গোল ও ২২টি অ্যাসিস্ট করেছেন। তার নেতৃত্বে গালাতাসারাই জিতেছে তিনটি সুপার লিগ শিরোপা, একটি তুর্কি কাপ ও একটি সুপার কাপ। এদিকে, ইকার্দির প্রতি আগ্রহ দেখিয়েছে আরও কয়েকটি ক্লাব, যাদের মাঝে তার নিজ দেশ আর্জেন্টিনার ক্লাবও আছে।

গণমাধ্যমের সুত্রমতে, মেক্সিকোর ক্লাব আমেরিকা, উরুগুয়ের পেনারোল এবং আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেস ইকার্দিকে পেতে চায়। সম্প্রতি ইকার্দি ও তার সঙ্গী চিনা সুয়ারেজ ইস্তানবুলের অভিজাত এলাকা আর্নাভুতকয়তে নতুন এক বিলাসবহুল ভিলায় উঠেছেন, যার মাসিক ভাড়া প্রায় ২৫,০০০ ডলার। তবে সৌদি আরবের এই আকর্ষণীয় প্রস্তাব ইকার্দির নতুন গন্তব্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।