নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাতে তার গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো মেডিকেল বোর্ড পর্যালোচনা করে তাকে ফেরার পরামর্শ দিয়েছে। আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো আছেন।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টার দিকে চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ফিরোজা ভিলার উদ্দেশে রওনা হন এবং সাড়ে ১১টার দিকে তিনি বাসায় পৌঁছান।
উল্লেখ্য, গত বুধবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক দলের পরামর্শে কিছু সময় সেখানে অবস্থান করার পর রাতে তাকে বাসায় ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২৮ আগস্ট রাতে একই হাসপাতালে কয়েকটি পরীক্ষার জন্য গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সেদিন রাতেই তিনি বাসায় ফিরেছিলেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।