ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল-ঘামারি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ঘামারির প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি গোষ্ঠীটি। ঘামারিকে হত্যার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী না করলেও হুথিরা জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাত এখনো শেষ হয়নি। বিবৃতিতে তারা আরও বলেছে, তারা তাদের অপরাধের যথাযথ শাস্তি পাবে।
গত ২৬ সেপ্টেম্বর ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইয়েমেনে সেই হামলায় অন্তত ৯ জন নিহত হন। ওই সময় ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুথিদের প্রধান কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ঘামারি ২০১৬ সাল থেকে হুথি গোষ্ঠীর সামরিক শাখার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ওই বছর হুথির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ তাকে মেজর জেনারেল পদে উন্নীত করে। ২০২১ সালে তিনি সংগঠনের সেনাপ্রধান (কমান্ডার-ইন-চিফ) হিসেবে দায়িত্ব নেন।