ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে মাঠে নামতে যাচ্ছেন। চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দেখা যাবে এই জুটিকে। গত মার্চের পর প্রথম এই দুজনকে আন্তর্জাতিক ক্রিকেটে একসঙ্গে দেখা যাবে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের অবসর নিয়ে জোর আলোচনা চলছে।
ক্রিকেটবিশ্বে অনেকের ধারণা, অস্ট্রেলিয়া সফরই হতে পারে রোহিত-কোহলির শেষ আন্তর্জাতিক সিরিজ। তবে অস্ট্রেলিয়ার বিস্ফোরক ওপেনার ট্রাভিস হেড মনে করেন, রোহিত-কোহলি এখনো ফুরিয়ে যাননি। দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে সংবাদমাধ্যমকে হেড বলেন, তিনি রোহিতকে একজন ওপেনার হিসেবে বিশেষভাবে সম্মান করেন এবং বিশ্বাস করেন, দুজনেই ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন।
অজি ওপেনারের ভাষায়, ‘দুইজনই দারুণ খেলোয়াড়। বিরাট সম্ভবত সর্বকালের সেরা সাদা বলের ব্যাটসম্যান, আর রোহিতও তার কাছাকাছি। আমি নিজেও ওপেনার, তাই রোহিতের পারফরম্যান্সকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। সে যা অর্জন করেছে, তা অসাধারণ। আমি মনে করি তারা দুজনই ২০২৭ পর্যন্ত খেলবেন। তারা দুজনেই আরেকটি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন, যা ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার।’
২০২৭ বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স হবে ৪০ বছর, আর বিরাট কোহলির বয়স হবে ৩৭। দুজনেই ইতিমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, ফলে অনেকের মতে এটি তাদের শেষ অস্ট্রেলিয়া সফর হতে পারে। রোহিত এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৩০ ওয়ানডে খেলেছেন, যেখানে তার সংগ্রহ গড় ৫৩.১২ গড়ে ১৩২৮ রান। সেঞ্চুরি ৫টি ও হাফ সেঞ্চুরি ৪টি। অন্যদিকে কোহলি ২৯ ওয়ানডেতে ৫১.০৩ গড়, ৫ সেঞ্চুরি, ৬ ফিফটিতে করেছেন ১৩২৭ রান।