৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ‘ডাক’ মেরেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ রবিবার প্রথম ওয়ানডেতে তিনি ৮ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান। এর আগে এক সাক্ষাতকারে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি জানিয়েছেন, গত দেড় দশকের বেশি সময় ধরে তিনি প্রায় বিরতি ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন। এই সিরিজকে তিনি ‘মানসিক ও শারীরিকভাবে দারুণ পুনর্জাগরণের’ সুযোগ হিসেবে দেখছেন।
পার্থে চলমান আজকের বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি হলো বিরাট কোহলির ৫৫১তম আন্তর্জাতিক ম্যাচ। তার দীর্ঘদিনের সতীর্থ রোহিত শর্মার ৫০০তম ম্যাচ। অবশ্য রোহিতও এদিন ৮ রানের বেশি করতে পারেননি। ম্যাচটির আগে ‘ফক্স ক্রিকেট’–কে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘সত্যি বলতে, গত ১৫–২০ বছরে আমি খুব কমই বিশ্রাম নিয়েছি। আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল মিলিয়ে সম্ভবত আমি বিশ্বের যে কোনো ক্রিকেটারের চেয়ে বেশি ম্যাচ খেলেছি’
তিনি আরও যোগ করেন, ‘এই চার মাসের বিরতি আমাকে সতেজ ও প্রাণবন্ত করেছে। এখন আমি আগের যেকোনো সময়ের চেয়ে ফিট অনুভব করছি। আমার শরীরের অবস্থা যদি ঠিক থাকে, তাহলে আমি সবসময় খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকি। আমি সবসময় এমনভাবে জীবনযাপন করি যাতে শরীরটা ক্রিকেটের জন্য উপযুক্ত থাকে। এখন আমি একদম ঠিক আছি, অনুশীলন ও ফিল্ডিং সেশনে ভালো লাগছে।’
৩৬ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘অস্ট্রেলিয়ায় ফিরে আসা সবসময়ই আনন্দের। এখানে ক্রিকেট খেলাটা কঠিন, তবে একই সঙ্গে রোমাঞ্চকরও। পার্থ আমার খুব প্রিয় একটি মাঠ — উইকেটগুলো দারুণ, গতি ও বাউন্স আছে, যেটা আমি সবসময় উপভোগ করি। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে গিয়ে সবসময় লড়াই করতে হয়, কিন্তু সৎভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে শেষ পর্যন্ত তাদের শ্রদ্ধা পাওয়া যায়। এটাই আমার অভিজ্ঞতা।’