৩৮ বছর বয়সে গোল্ডেন বুট জিতলেন মেসি, ৪০ বছরের রোনালদোর অর্জন কেমন?

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১০:১১ এএম

এক যুগের বেশি সময় ধরে লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মাঝে চলেছে প্রতিদ্বন্দ্বিতা। একটা সময় ব্যালন ডি’অর নিয়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা হতো। বলা হয়ে থাকে- ফুটবলে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যক্তিগত দ্বৈরথ চলেছে মেসি আর রোনালদোর মাঝে। দুজনই পেরিয়ে গেছেন বয়সের সীমা, কিন্তু মাঠে এখনও আলো ছড়াচ্ছেন আগের মতোই।

৩৮ বছর বয়সে এসে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) মৌসুমসেরা গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। জিতে নিয়েছেন গোল্ডেন বুট। ইন্টার মায়ামির হয়ে ২০২৪–২৫ মৌসুমে ২৯ গোল ও ১৮ অ্যাসিস্ট করে তিনি ছুঁয়েছেন অনন্য উচ্চতা। শেষ ম্যাচে ন্যাশভিল এসসির বিপক্ষে হ্যাটট্রিক করে নিশ্চিত করেন এ পুরস্কার। এই অর্জনের মধ্য দিয়ে মেসি প্রমাণ করেছেন— বয়স বাড়লেও প্রতিভা এখনো আগের মতোই উজ্জ্বল।

পরিসংখ্যান মতে, মেসির ব্যক্তিগত পুরস্কার এখন ১১০ ছাড়িয়েছে। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে মেসি এখন পর্যন্ত অর্জন করেছেন ১১০টিরও বেশি ব্যক্তিগত পুরস্কার—যা বিশ্ব ফুটবলে সর্বোচ্চ। তার সাফল্যের তালিকায় রয়েছে— ৮টি ব্যালন ডি’অর (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১, ২০২৩), ৬টি ইউরোপিয়ান গোল্ডেন সু, ৩টি ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড, ২টি বিশ্বকাপ গোল্ডেন বল (২০১৪, ২০২২)।

এছাড়াও তিনি জিতেছেন ৯টি লা লিগা এমভিপি ও ৮টি পিচিচি ট্রফি, ২টি কোপা আমেরিকা এমভিপি, ৬বার উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এবং ১৬বার ফিফপ্রো ওয়ার্ল্ড একাদশে স্থান পেয়েছেন। ফুটবলপ্রেমীদের জানার ইচ্ছা হতেই পারে যে, মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো কতগুলো পুরস্কার জিতেছেন? ৪০ বছর বয়সী হাজার গোলের পেছনে ছুটতে থাকা পর্তুগিজ মহাতারকাও কিন্তু পিছিয়ে নেই।

সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলা রোনালদোর ব্যক্তিগত পুরস্কারের সংখ্যাও ১০০-এর বেশি। এর মধ্যে রয়েছে— ৫টি ব্যালন ডি’অর (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭), ৪টি ইউরোপিয়ান গোল্ডেন সু, ২টি ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড, ৭বার উয়েফা চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা এবং ৪বার উয়েফা বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন। ১৪১টি গোল নিয়ে রোনালদো আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। আর সব মিলে গোল করেছেন ৯৪৯টি।

মেসি-রোনালদো দুজনের ক্যারিয়ারই এখন প্রায় শেষ। ইউরোপের ঝলমলে ক্যারিয়ার শেষ করে একজন যুক্তরাষ্ট্রে, অন্যজন সৌদি আরবে খেলছেন— তবু দুজনের লড়াই এখনো ফুটবলের কেন্দ্রবিন্দুতে। মেসি যখন এমএলএসে গোলের পর গোল করে যাচ্ছেন, রোনালদো তখন আল নাসরের হয়ে শততম ক্লাব গোলের পথে দাপিয়ে বেড়াচ্ছেন। দুই মহাতারকা আজও প্রমাণ করে যাচ্ছেন, বয়স শুধু একটি সংখ্যা, শ্রেষ্ঠত্বের কোনো মেয়াদ শেষ হয় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত