চট্টগ্রামের বাঁশখালী পুঁইছড়ি ইউনিয়নে ধানের ক্ষেত থেকে মোহাম্মদ মোজাহের উদ্দিন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জনতা। সোমবার (২০ অক্টোবর) সকালে পুঁইছড়ি ইউনিয়নের প্রেম হাজারের পূর্ব পাশের ধান ক্ষেতে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ মোজাহের উদ্দিন পুঁইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চালিয়া পাড়ার জামাল হোসেনের ছেলে। সে মৃগী রোগী বলে জানা যায়।
এ বিষয়ে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, বাড়ি থেকে বের হয়ে মোজাহের উদ্দিন একটি চায়ের দোকানে চা নাস্তা খায়। বাড়ি ফেরার পথে ধানের জমিতে পড়ে যায়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেতে পরিবারের সদস্যরা আবেদন করেছেন। এদিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা ও জানাজা শেষে দাফনের প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা যায় ।