নোয়াখালীর হাতিয়ায় বিয়েতে বাড়ির পাশের বাড়ির হুজুরকে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষে নারীসহ কমপক্ষের ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত নারীসহ দুজনকে ২৫০ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলার নলচিরা ইউনিয়নের লামছড়ি গ্রামে রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হেলাল উদ্দিন, ইমতিয়াজ, ফরিদ উদ্দিন, ওমর ফারুক, কোহিনুর বেগম, উম্মে কুলসুম, নাজিম উদ্দিন, মারজান উদ্দিন, সাইফুজ্জামান, শাহাবউদ্দিন ও মহিমা বেগম।
হামলার শিকার উপসহকারী কৃষি কর্মকর্তা শাহাবউদ্দিন জানান, বিয়ের দিন তারা বাড়ির পাশের হুজুরকে দাওয়াত না দিয়ে তাদের পারিবারিক শিক্ষক অন্য এলাকার এক হুজুরকে দাওয়াত দেন। তাতে হেলাল মাঝিসহ কয়েকজন এসে বাধা দেয়। পরে সবাইকে নিবৃত্ত করে তারা বিয়ের কাজ শেষ করেন। রবিবার বাড়ির দরজার দোকানে গেলে এ নিয়ে হেলাল মাঝির সঙ্গে কথা কথাকাটি হয়। এক পর্যায়ে হেলাল মাঝির লোকজন তাদের ওপর হামলা করে।
হেলাল উদ্দিন বলেন, আমি মসজিদের ক্যাশিয়ার হিসেবে শাহাবউদ্দিনকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দেন। রবিবার বিষয়টি সুরাহা করতে বসার ব্যবস্থা করলে উপস্থিত সকলের সামনে উভয়পক্ষ মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজুল আবেদীন জানান, শাহাবউদ্দিন ও মারজান নামে দুজনকে জনরোষের কবল থেকে উদ্ধার করে থানায় হেফাজতে রাখা হয়েছে। গুরুতর আহত দুইজনকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
