ইয়েমেনের সানায় জাতিসংঘের ২০ কর্মীকে আটক করেছে হুতি বিদ্রোহীরা। আটক কর্মীরা জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করতেন। তাদের মধ্যে স্থানীয় ও বিদেশি কর্মী আছেন। জাতিসংঘের ইয়েমেন প্রতিনিধি জানান, গত রবিবার সানার হাদা এলাকায় জাতিসংঘের ওই কার্যালয় থেকে ৫ ইয়েমেনি ও ১৫ বিদেশি কর্মীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় ১১ জনকে।
অভিযানের সময় কার্যালয়ের কম্পিউটার, ফোন ও সার্ভারসহ সব যোগাযোগ সরঞ্জাম জব্দ করে হুতিরা। কর্মীদের উদ্ধারের বিষয়ে হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত কয়েক মাসে ইয়েমেনে ৫০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয়েছে। হুতিরা দাবি করছে, আটককৃত জাতিসংঘ ও বিদেশি এনজিওকর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছে। তবে এটি স্পষ্টভাবে অস্বীকার করেছে জাতিসংঘ।