সরকারকে পরামর্শ দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয়েছে। কমিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিষয়ে সরকারকে পরামর্শ দেবে।
গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। পাঁচ সদস্যের এ কমিটিতে সভাপতি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ ছাড়া কমিটিতে আরও তিনজন উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
এ ছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়-সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও এ কমিটির সদস্য।
কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে কমিটির কাজের জন্য সহায়তা দেওয়ার নির্দেশ দিতে পারবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।