শান্তিরক্ষা বাহিনীর কাটছাঁট চেষ্টা চলছে

তহবিল সংকটের কারণে জাতিসংঘ বিভিন্ন দেশে শান্তিরক্ষা বাহিনীতে প্রায় ২৫ শতাংশ কাটছাঁট করছে। শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সদস্যদের ক্ষেত্রে যাতে এই কাটছাঁটের প্রভাব কম পড়ে, সরকার সে চেষ্টা করছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল মঙ্গলবার সরকারের এ চেষ্টার কথা সাংবাদিকদের জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২৫ শতাংশ কাটছাঁট বাংলাদেশের ক্ষেত্রে হওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্র তহবিল দেওয়া বন্ধ করার কারণে যে কাটছাঁট হচ্ছে, তা যেন বাংলাদেশের ক্ষেত্রে আনুপাতিক হারের চেয়ে কম হয়, সে জন্য চেষ্টা চলছে।’ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের কাটছাঁটের কারণে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশের সহস্রাধিক সদস্যকে দেশে ফিরতে হতে পারে।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি নাগরিকদের সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, কাউকে ইউক্রেন অথবা রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে সরকার অনুমতি দিচ্ছে না। তবে কেউ যদি পড়াশোনা করতে যেয়ে লোভে পড়ে লাভের আশায় বা অন্য কোনো কারণে যুদ্ধক্ষেত্রে হাজির হয়, তাহলে সরকারের পক্ষে তা ঠেকানো কঠিন। তবে কাউকে জোর করে যুদ্ধে পাঠানো হলে, সরকার সে ক্ষেত্রে আপত্তি জানাবে।

পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবের আসন্ন ঢাকা সফরের বিষয়ে করা এক প্রশ্নে তিনি বলেন, সরকার পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়। এ ক্ষেত্রে এ ধরনের সফর হবে এটা স্বাভাবিক। পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ আছে। সরকার চায় দেশটির সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য। সরকার সেভাবেই এগোচ্ছে।