ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি

পাবনার ঈশ্বরদীতে ‘ত্যাগী’ নেতাকর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘অনুপ্রবেশকারীদের’ নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। ওই কমিটি প্রত্যাখ্যান ও অবাঞ্ছিত ঘোষণা করে ঈশ্বরদীতে বিক্ষোভ সমাবেশ ও দুই দফা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে ১২ সদস্যের ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটির তথ্য ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্যাডে কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষর রয়েছে।

কমিটিতে সহ-সভাপতি পদে ছাত্রলীগের ইমরান খান ও ওমর শেখ শান্ত এবং সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তারেক ম-লকে মনোনীত করা হয়েছে। এই তিনজনই ছাত্রলীগের ওয়ার্ড কমিটির বিভিন্ন পদে রয়েছেন এবং বিগত সংসদ নির্বাচনে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।

এছাড়া, সাধারণ সম্পাদক পদে রিয়ামুল ইসলাম (রিয়াম) নামে একজনকে মনোনীত করা হয়েছে, যিনি মাত্র ১৫-২০ দিন আগে কলেজে ভর্তি হয়েছেন এবং এখনো তার কলেজ আইডি কার্ড তৈরি হয়নি বলে জানা গেছে।

কমিটি প্রকাশের পর গত মঙ্গলবার রাতেই ঈশ্বরদী শহর ও কলেজ ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ সমাবেশ হয়। রাত ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে কমিটি বাতিল ও অবাঞ্ছিত ঘোষণা করে বক্তব্য রাখেন ঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল ইসলাম শাওন, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহান, নাজমুল হাসান রিসাদসহ শতাধিক নেতাকর্মী।

তারা বিভিন্ন সেøাগান দিয়ে কমিটি প্রত্যাখ্যান করেন।

একই রাতে ১২টার দিকে কলেজ ছাত্রদলের একাংশ ও পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার মধ্যে কমিটি বাতিলের সময়সীমা বেঁধে দেন, অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শ্রাবণ আহমেদ, সাবেক যুগ্ম-সম্পাদক শ্যাম আগারওয়ালা বিকি, প্রচার সম্পাদক মো. মাহমুদ হাসান শান্ত, দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদ, উপজেলা কমিটির সদস্য ইব্রাহিম হোসেন প্রমুখ। তারা অভিযোগ করেন, ‘অযোগ্য ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা আমরা মানি না।’

পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জানান, কেন্দ্রীয় কমিটি তদন্তের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেছে। ছাত্রলীগের সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ পাননি বলে তিনি জানান। তবে, এমন কেউ থাকলে তদন্ত সাপেক্ষে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

গতকাল বুধবার বিকেলে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে ‘ঈশ্বরদী উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের’ ব্যানারে আরেকটি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্তি এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগে কমিটি বাতিলের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইব্রাহিম হোসেন। বক্তব্য রাখেন শ্রাবণ আহমেদ, মাহমুদ হাসান শান্ত, রোহান প্রীত আহমেদ, মীর হুমায়ন কবীর জিহাদ, বিকি আগারওয়ালা, সোহানুর রহমান প্রমুখ।

তারা জানান, অভিযোগের বিষয়ে জেলা ও কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হলেও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।