ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির রাজনীতি ছাড়লেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য এইচ এম আফজাল।
গত ১৯ অক্টোবর তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপির রাজনীতি থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিলেও বিষয়টি সাম্প্রতিক সময়ে সবার দৃষ্টিতে এসেছে।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘এই দলটাকে প্রচন্ড ভালবাসতাম কিন্তু দলের সঙ্গে আর সম্পর্ক রাখা সম্ভব হলোনা। দীর্ঘ ৪ দশকের সকল সম্পর্ক বিচ্ছিন্ন করা জরুরি হয়ে পড়ায় ১৯ তারিখ হতে বিএনপি থেকে সকল প্রকার সম্পৃত্ততার অব্যাহতি গ্রহণ করিলাম।’
এবিষয়ে ব্যক্তিগত প্রতিক্রিয়ায় গণমাধ্যম কর্মীকে এইচ এম আফজাল বলেন, ‘আমার অন্য কোন দলে যাওয়ার চিন্তা নেই। রাজনীতি করতে এসে জীবনে অনেক কিছু হারাইছি। এখন দলে ভিড় বাইজা গেছেগা, ভিড়ে চলার মতো শক্তি সামর্থ্য আমার নাই।’
তিনি আরও বলেন, নেতাদের নতুন মুখের প্রতি আকর্ষন থাকে, নতুন টাকা যাদের আছে তাদের প্রতি আকর্ষন বেশী থাকে। দলের ভেতর গণতান্ত্রিক চর্চার ঘাটতি রয়েছে বলেও যোগ করেন তিনি।
তবে উপজেলা বিএনপির এই নেতা ফেসবুকে এমন স্টাটাস দেওয়ার পর দলের উচ্চ পর্যায়ের কোন নেতা তার সাথে কথা বা যোগাযোগ করেননি বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, আমি স্ট্যাটাসটি দেখিনি। বিষয়টি কেউ আমাকে জানায়নি।
প্রসঙ্গত, এইচ এম আফজাল হোসেন উপজেলার উয়ার্শী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া দুই বার তিনি ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবেও নির্বাচিত হয়েছেন।