ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক দিনের সরকারি সফরে আগামী ডিসেম্বরের শেষ দিকে ঢাকা আসছেন।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, এশিয়ার কয়েকটি দেশে সফরের অংশ হিসেবে এবার তিনি  বাংলাদেশে আসছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার এ সফর।

প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশে সামরিক সরঞ্জাম সরবরাহ, প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক, শ্রম অভিবাসন ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। সফরকালে কয়েকটি চুক্তি সই হতে পারে।

কূটনীতিকরা জানান, ইতালি চায় দেশটিতে বৈধভাবে অবস্থানের সুযোগ নেই বাংলাদেশের এমন নাগরিকদের ফিরিয়ে আনা হোক। একই সঙ্গে বৈধভাবে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য কর্মী নেওয়ার কথাও বলছে দেশটি। 

এর আগে এশিয়া সফরের অংশ হিসেবে গত ৩০ আগস্ট তার ঢাকা সফরে আসার কথা ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে তিনি সফরটি স্থগিত করেন।

১৯৯৮ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি সরকারি সফরে ঢাকা আসেন।