নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুতি নিচ্ছে পুলিশ

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, ‘সামনে একটা নির্বাচন আসছে, পুলিশ তার দায়-দায়িত্ব পালনে প্রস্তুতি নিচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আয়োজিত ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) সমাপনী সেমিনার হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘১৭ বছরে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে বর্তমানে কর্মরত দুই লাখ সদস্যের প্রায় অর্ধেকই এ সময় নিয়োগপ্রাপ্ত তাদের অনেকেই কখনো ভোট দেননি বা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই। আমাদের অনেক সদস্য জানেনই না নির্বাচনে দায়িত্ব কীভাবে পালন করতে হয়। তাই আমরা সারা দেশে ট্রেনিং চালাচ্ছি, ডিএমপিতেও চলছে। সবসময় আমি কর্মকর্তাদের বলছি, শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে।’ তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন ঘিরে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশ আশা করা হচ্ছে। তবে যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার অংশ নিতে পারছে না, তাই তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। একটি দল নিষিদ্ধ ঘোষিত। তারা ককটেল বিস্ফোরণ, নাশকতার চেষ্টা করছে। তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকা- না ঘটে, সেদিকে আমাদের নজরদারি রয়েছে।’

নভেম্বরের শেষ দিকে একটি চমৎকার নির্বাচনী পরিবেশ তৈরি হবে বলে আশা ব্যক্ত করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘এখন সবাই নির্বাচনের মুখোমুখি। জনগণ ভোট দিতে চায়। এমনকি যাদের বয়স ৩৫ থেকে ৪০, তারাও জীবনে ভোট দেয়নি এটি আমাদের দেশের জন্য দুঃখজনক।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-সমাবেশ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক। অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়। এতে মনে হয় বড় মিছিল হলো, কিন্তু বাস্তবে তেমন কিছু না।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তি আমরা অস্বীকার করতে পারি না, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সক্ষমতা সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট।’

এর আগে নগরীর যানজটের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরে যানজট অন্যতম সমস্যা। যানজটের কারণগুলো অনুসন্ধান করে, তা সহনীয় পর্যায়ে রাখতে ডিএমপি কাজ করে যাচ্ছে। পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে আমাদের নগর-পরিকল্পনা নিতে হবে। সাধারণ জনগণ সড়ক পরিবহন আইন মেনে চললে এবং সচেতন থাকলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব।’