খুলনা বিভাগ

বিএনপির ৩৬ আসনের মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায়

আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টি আসন থেকে মনোনয়নপ্রত্যাশী নেতারা ঢাকায় গেছেন। ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজ সোমবার বিকেলে খুলনা বিভাগের ১০ জেলার মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খুলনা বিভাগের ৩৬টি আসনের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে ফোন করে ও মেসেজ পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।

খুলনা জেলার ৬টি আসনের কয়েকজন মনোনয়নপ্রত্যাশী জানান, তারা ফোন ও মেসেজ পেয়ে ঢাকায় গেছেন। দলের জন্য যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দেওয়া হবে।

খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক বলেন, তার নির্বাচনী এলাকায় মানুষের পাশে তিনি সুখে-দুখে রয়েছেন। তাদের কল্যাণে মানবিক ও সামাজিক কাজ অব্যাহত রেখেছেন। দলের কাজেও তিনি নিবেদিত। ফলে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। এদিকে খুলনা বিএনপির তৃণমূলের বেশ কয়েকজন নেতাকর্মী বলেন, বিএনপি বর্তমানে চরম কঠিন সময় পার করছে। এবার দল যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিলে নিশ্চিত আসনেও পরাজিত হওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে।