যুক্তরাজ্যে মুসলমানদের নিরাপত্তায় বিশেষ তহবিল

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশ জুড়ে মুসলিম ধর্মাবলম্বী ও মসজিদের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ১ কোটি পাউন্ড (প্রায় ১৪ কোটি টাকার সমতুল্য) বরাদ্দের ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে মুসলমানদের ওপর হামলা ও মসজিদে অগ্নিসন্ত্রাসের ঘটনা বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে তার সরকার।

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ইস্ট সাসেক্সের পিসহ্যাভেন মসজিদে অগ্নিসন্ত্রাসের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী স্টারমার ও স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এ ঘোষণা দেন। চলতি মাসের শুরুতে ওই মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এতে মসজিদের প্রধান প্রবেশদ্বার ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তবে কেউ আহত হননি। পুলিশ ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে।

সরকার জানিয়েছে, নতুন এই বরাদ্দ মসজিদ ও মুসলিম ধর্মীয় কেন্দ্রগুলোর জন্য নিরাপত্তা ক্যামেরা, অ্যালার্ম ব্যবস্থা, সুরক্ষা বেড়া এবং নিরাপত্তাকর্মী নিয়োগে ব্যয় করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রিটেন একটি গর্বিত ও সহনশীল দেশ। কোনো সম্প্রদায়ের ওপর আক্রমণ মানে গোটা জাতি ও আমাদের মূল্যবোধের ওপর আঘাত।’

তিনি আরও বলেন, ‘এই অর্থায়ন মুসলিম সম্প্রদায়কে প্রয়োজনীয় সুরক্ষা দেবে, যাতে তারা শান্তি ও নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারেন। আমি এমন একটি ব্রিটেন চাই, যেখানে সবার জন্য নিরাপত্তা থাকবে, যেখানে ঘৃণা ও সহিংসতার মাধ্যমে কেউ আমাদের বিভক্ত করতে পারবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, ‘পিসহ্যাভেন মসজিদে হামলাটি ভয়াবহ অপরাধ। এটি আরও বড় বিপর্যয়ে রূপ নিতে পারত। আমাদের প্রত্যেকেরই স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে, সেই অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।’

স্থানীয় পুলিশ জানায়, অগ্নিসন্ত্রাসের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৪ ও ৪২ বছর বয়সী দুই ব্যক্তি পিসহ্যাভেনের বাসিন্দা এবং ৩৮ বছর বয়সী একজন সিফোর্ডের বাসিন্দা। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

মসজিদ পরিদর্শনকালে স্টারমার ক্ষতিগ্রস্ত মুসল্লিদের পরিবারের সঙ্গে কথা বলেন। পরিবারের এক সদস্য জানান, আগুন লাগার সময় মসজিদের ভেতরে থাকা এক ব্যক্তি এখনো ভয় কাটিয়ে উঠতে পারেননি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘উপাসনালয়ে নিরাপত্তাব্যবস্থা থাকা দুঃখজনক বাস্তবতা। তবু আমাদের দায়িত্ব ঘৃণাজনিত অপরাধ দমন করা এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি সমর্থন ও সংহতি জানানো।’

লেখক : শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক