ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, ৯৮৩ জন হাসপাতালে

থামছেই না ডেঙ্গুতে মৃত্যু। রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রায় প্রতিদিনই একাধিক মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন। একই সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮৩ জন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২৬৯ জন মারা গেছে। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ৬৬ হাজার ৪২৩ জন ভর্তি হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে চার, ঢাকা দক্ষিণ সিটিতে এক ও বরিশাল বিভাগের হাসপাতালে একজন চিকিৎসাধীন ছিল।

চলতি বছর ডেঙ্গুতে যে ২৬৯ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে অক্টোবর মাসেই মারা গেছে ৭১ জন। এর আগে সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ৭৬ জনের মৃত্যু হয়েছিল। আগস্টে ৩৯, জুলাইয়ে ৪১, জুনে ১৯, মে মাসে ৩, এপ্রিলে ৭, ফেব্রুয়ারিতে ৩ ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে মার্চ মাসে কেউ মারা যায়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৮৩ জন ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে ১৪১, চট্টগ্রাম বিভাগে ১১১, ঢাকা বিভাগে ১৭১, ঢাকা উত্তর সিটিতে ২২৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৩, খুলনা বিভাগে ৬২, ময়মনসিংহ বিভাগে ৪১, রাজশাহী বিভাগে ৭৮, রংপুর বিভাগে ১২ ও সিলেট বিভাগে ৭ জন ভর্তি হয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৬ হাজার ৪২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪, আগস্টে ১০ হাজার ৪৯৬, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ এবং অক্টোবরের এখন পর্যন্ত ১৯ হাজার ৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। হিসাব বলছে, অক্টোবর মাসে সবচেয়ে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৯৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে ৬৩ হাজার ৪১৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। গতকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ৭৪০ জন।