বিএনপি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে বিএনপি জোট গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে গঠন করা হবে বৃহত্তর রাজনৈতিক জোট।’
গতকাল সোমবার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক সব যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা একই বার্তা দিতে চাই, যাতে দলের ভেতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে। যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি।’
সালাহউদ্দিন বলেন, ‘প্রার্থীদের কাছে আমাদের বার্তা একটাই বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই বার্তাটা আমরা প্রার্থীদের দিচ্ছি।’
তিনি বলেন, ‘যুবকদের নিয়ে, তারুণ্যে ভাবনা নিয়ে আমরা যে বর্তমানে বাংলাদেশ বির্নিমাণের স্বপ্ন দেখি সেটাকে আমরা ৩১ দফায় ধারণ করেছি। আশা করি, ইনশাআল্লাহ এই দেশ একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে, যুবক ও তারুণ্যের চিন্তা- চেতনানির্ভর, প্রযুক্তিনির্ভর, মেধানির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, জুলাই-গণঅভ্যুত্থানের শহীদরা দেখেছিলেন, মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন।’
এর আগে যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে সালাহউদ্দিন আহমদ পুষ্পমাল্য অর্পণ করেন এবং প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এই সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নিরবসহ যুবদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে দুপুরে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধসামগ্রী বিতরণ করা হচ্ছে।