ইনু-হানিফের বিরুদ্ধে অভিযোগ গঠন ২ নভেম্বর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন প্রশ্নে আদেশের জন্য আগামী ২ নভেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশের জন্য একই দিন ধার্য করেছে একই আদালত।

অভিযোগ গঠন করতে প্রসিকিউশনের আরজি ও অব্যাহতি চেয়ে আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল পৃথক আদেশে এ দিন ধার্য করে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। কারাগারে থাকা ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে গত বছরের ৫ আগস্ট কুষ্টিয়ায় ৭ জনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। অভিযোগগুলোতে সাক্ষী করা হয়েছে ২০ জনকে। ইনুর অব্যাহতি চেয়ে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

গত ৫ অক্টোবর হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অপর তিন আসামি হলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান আতা। আসামিদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যাসহ কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ আনা হয়েছে। ছাত্র- জনতার অভ্যুত্থানের সময় গত বছরের ৫ আগস্ট কুষ্টিয়ায় দুপুর দেড়টা থেকে বিকেল ৪টার মধ্যে আন্দোলনকারী ৬ জনকে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে হানিফসহ চারজনের বিরুদ্ধে। তাদের অব্যাহতি চেয়ে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।