সৌদি দূতাবাসের আয়োজনে কোরআন প্রতিযোগিতা

কোরআন চর্চায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পৃথিবীব্যাপী সারা বছরই নানা আয়োজন করা হয়ে থাকে। এসব আয়োজনের মধ্যে অন্যতম হলো কোরআন প্রতিযোগিতা। বিভিন্ন সংস্থা ও সংগঠনের মাধ্যমে বাংলাদেশেও এই আয়োজন করা হয় প্রায়ই। সম্প্রতি রাজধানীর বারিধারায় অবস্থিত সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে কর্র্তৃক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিশাল আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে ২ হাজার ৬০০ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বারিধারায় অবস্থিত রাজকীয় সৌদি দূতাবাসে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফের বিন আবিয়্যাহ। তিনি বিজয়ীদের মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

জেলা পর্যায়ে উত্তীর্ণ ১১০ জন প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত পর্বে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এদের মধ্যে ১০ জন ছেলে এবং ৫ জন মেয়ে রয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে মোবারক বিন আমেক আল ওনাজি, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াহ বিভাগের পরিচালক ড. হারুন উর রশীদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইসলামিক সংগঠনের পরিচালকবৃন্দ, হিফজুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষরা, বিশিষ্ট আলেম-ওলামা, দাঈ ও দেশের বিভিন্ন মসজিদের ইমামরা। বিজয়ী প্রতিযোগীদের নিকটাত্মীয়রাও এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা কোরআন মজিদ মুখস্থ করাকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত হিসেবে উল্লেখ করেন। তারা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মের মধ্যে কোরআনপ্রেম, নৈতিকতা ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তারা দেশব্যাপী এ ধরনের কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান আরও বেশি পরিমাণে আয়োজন করার কথা বলেন। এ জন্য ব্যক্তি এবং বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

লেখক : ধর্মীয় নিবন্ধকার