চট্টগ্রাম চেম্বার নির্বাচনে ২ সপ্তাহের স্থগিতাদেশ

‘ট্রেড গ্রুপ’ ও ‘টাউন অ্যাসোসিয়েশন’ ক্যাটাগরি নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানে নিরসনের নির্দেশনা দিয়ে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্টের আপিল বিভাগ। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের ফুল বেঞ্চ এ আদেশ দেয়।

আগামী ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বার নির্বাচন হওয়ার কথা ছিল। চেম্বারের সংঘবিধি অনুযায়ী চারটি ক্যাটাগরি থেকে ২৪ জন পরিচালক নিয়ে চেম্বার পরিচালনা পর্ষদ গঠনের কথা থাকলেও একটি মহল ‘টাউন অ্যাসোসিয়েশন’ ও ‘ট্রেড গ্রুপ’ এর সদস্যদের ভোটাধিকার বাতিলের জন্য নানাভাবে তদবির চালিয়ে আসছিল।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চেম্বার নির্বাচন বোর্ড উল্লিখিত ক্যাটাগরি দুটির সদস্যদের ভোটার তালিকাভুক্ত করে এবং ওই দুই ক্যাটাগরি থেকে ৩ জন করে ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এ অবস্থায় গত ২২ অক্টোবর হারবিস কনভার্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলালের দায়ের করা এক পিটিশনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ দুই ক্যাটাগরিকে নির্বাচনে অংশগ্রহণের নির্দেশনাসংবলিত গত ৪ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন ১-এর উপসচিবের জারি করা স্মারকের কার্যকারিতা স্থগিত করেন।

ইউনাইটেড বিজনেস ফোরামের দুঃখ প্রকাশ : আগামী ১ নভেম্বর দীর্ঘ প্রতীক্ষিত চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন স্থগিত হওয়ায় ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করছে।

প্যানেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী প্রচার চলাকালীন গণসংযোগে চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী সমাজে যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, নির্বাচন স্থগিতের ফলে সেই প্রত্যাশা ও উদ্দীপনার মাঝে যে হতাশা দেখা দিয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আমরা আশা করি, যারা সাধারণ ভোটারদের ওপর আস্থা না রেখে মামলা মোকদ্দমার মাধ্যমে এই নির্বাচন স্থগিতের উদ্যোগ নিয়েছেন, তারা সাধারণ ব্যবসায়ী মহলের দীর্ঘদিনের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানিয়ে ভবিষ্যতে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন । ইউনাইটেড বিজনেস ফোরাম চট্টগ্রামের সাধারণ ব্যবসায়ী সমাজের পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ ।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রতিক্রিয়া : চেম্বার নির্বাচন স্থগিতের বিষয়ে গতকাল বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস এম নুরুল হক বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত বিচারপতির উপস্থিতিতে পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সপ্তাহের জন্য চেম্বার নির্বাচন স্থগিত করে এবং এই সময়ের মধ্যে হাইকোর্ট পূর্ণাঙ্গ শুনানি করে রিট পিটিশনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার নির্দেশনা দিয়েছে। সেই সিদ্ধান্তের পর নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আমরা আশা করি, ১৫ দিনের ভেতর হাইকোর্ট সুন্দর, সত্যিকার এবং বিচার বিশ্লেষণ করে ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের সদস্যদের বাতিল করবে। আর আমরা আগের মতো অবশ্যই সাধারণ ভোটারদের প্রত্যাশা পূরণে তাদের পাশে থাকব।