ক্রিকেট দুনিয়ার সমস্ত আলোচনায় এখন একটাই নাম- জেমিমা রদ্রিগেজ। নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার নায়ক হলেন এই জেমিমা। পুরো টুর্নামেন্টে ফর্মের সঙ্গে লড়াই করলেও আসল মঞ্চে জ্বলে উঠলেন। অজিদের ৩৩৮ রান তাড়ায় নেমে খেললেন ১৩৪ বলে ১৪ চারে ১২৭ রানের অপরাজিত ইনিংস।
দলকে ফাইনালে তোলার পর জেমিমার আনন্দ অশ্রু ছুঁয়ে গেছে সবাইকে। তাকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মারুফা আক্তার, ‘জেমি দিদি, তুমি আমাদের এমন এক দুর্দান্ত খেলা উপহার দিয়েছ! সত্যি বলতে, এটা প্রকাশ করার মতো ভাষা আমার নেই। তবে আমি সবসময় তোমার জন্য দোয়া করব। আশা করি তুমি তোমার দলকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আরও বড় সাফল্য অর্জন করবে। ফাইনাল ম্যাচের আমার শুভকামনা ও প্রার্থনা রইল।’
চলতি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বিদায় নিলেও মারুফা পরিচিতি পেয়েছেন ‘সুইং মাস্টার’ হিসেবে। তার দুর্দান্ত বোলিং বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। তাই ইনস্টাগ্রামে মারুফার এই কমেন্টের জবাবে তাকে প্রশংসায় ভাসিয়েছেন জেমিমা ‘ধন্যবাদ মারুফা! তুমিও নিজেই এক বিশাল অনুপ্রেরণা! তুমি যা করেছ, তা বাংলাদেশের অসংখ্য মেয়ে এবং সারা বিশ্বের মেয়েদের অনুপ্রাণিত করেছে।’