কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ ঘটনায় দলের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার দুপুরে উপজেলা সদরের খাদঘর এলাকায় তারা হঠাৎ করে একটি ঝটিকা মিছিল বের করেন। পরে রাতে দেবিদ্বার থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১৩ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন- গুনাইঘর গ্রামের মো. জালাল (২৮), ওয়াহেদপুর গ্রামের আল আমিন সরকার (৩৮), বুড়িরপাড় গ্রামের হরমুজ মুহুরী (৫০), মোশারফ হোসেন (৫৪), সাবেরপুকুরপাড় এলাকার গোলাম কিবরিয়া (২২), বরাট গ্রামের মো. সুজন (২৬), পদ্মকোট গ্রামের জামাল হোসেন (৪৭), আবুল কালাম ভোলা (৪০), বক্রিকান্দি গ্রামের মো. রেজাউল করিম (২৭), পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামেরযুবলীগ নেতা মো. আল আমিন (৪২), মো. সৃজান (১৮), মো. সফিকুল ইসলাম (২৩) এবং মো. বিল্লাল হোসেন (৪৪)।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মো. ইলিয়াস বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলার পর রাতে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৭ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যা চেষ্টা মামলারও আসামি। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।