তুরস্কের স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে ৭৮ জনের অপমৃত্যু মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। চলতি বছর জানুয়ারিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বোলু পাহাড়ে অবস্থিত রিসোর্টটিতে ওই দুর্ঘটনা ঘটে।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার বোলু প্রদেশের আদালত এই রায় ঘোষণা করে। দণ্ডিতদের মধ্যে রয়েছেন গ্র্যান্ড কার্তাল হোটেলের মালিক হালিত এরগুল, তার স্ত্রী এমিন এরগুল ও দুই মেয়ে এলিফ আরাস এবং সেয়দা হাসিবেকিরোগলু। তারা সবাই হোটেলের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। একই সঙ্গে হোটেলের জেনারেল ম্যানেজার আমির আরাস এবং গ্র্যান্ড কার্টাল হোটেলের মালিকানাধীন কোম্পানির পরিচালনা পর্ষদে থাকা বোলুর ডেপুটি মেয়র সেদাত গুলেনার এবং আহমেত ডেমিরকেও দণ্ডিত করা হয়েছে।
ভবনটিতে সেদিন ২৩৮ জন অতিথি অবস্থান করছিলেন। আগুন লাগার পর আতঙ্কিত অতিথিরা মাঝরাতে জানালা ভেঙে বাইরে লাফিয়ে পড়েন। এ ঘটনায় নিহত ৩৪ শিশুর জন্য মোট ৩৪ বার যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়। স্কুল ছুটির সময় ইস্তাম্বুল ও আঙ্কারার বহু পরিবার বোলু পাহাড়ে স্কি করতে গিয়েছিল।
দুর্ঘটনায় আরও ১৩৭ জন আহত হন। দুর্ঘটনার দায়ে মোট ৩২ জনের বিরুদ্ধে মামলা চলছিল। ২০ জন বিচার শুরু হওয়ার আগেই আটক ছিলেন। তবে বাকি আসামিদের কবে আদালতে হাজির করা হবে তা জানা যায়নি। চলতি বছরের ২১ জানুয়ারি গ্র্যান্ড কার্তাল স্কি রিসোর্টের রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকা-ের সূত্রপাত হয়। আগুন দ্রুতই ১২তলা হোটেলটিতে ছড়িয়ে পরে।
স্বাধীন বিশেষজ্ঞরা জানান, কার্টালকায়া স্কি রিসোর্টে অবস্থিত হোটেলটিতে অগ্নিনিরাপত্তার মৌলিক ব্যবস্থা পর্যন্ত ছিল না। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তুরস্কব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগীরাও অভিযোগ করেন যে, হোটেলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আগুনের সময় কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি এবং সম্পূর্ণ অন্ধকারের মধ্যে অতিথিদের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে হয়েছিল।
জনগণের ক্ষোভের মুখে আগুনের ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে সরকার। পরে ঘটনা তদন্তে ৬ জন প্রসিকিউটরকে নিয়োগ করা হয়।