প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। স্মৃতি মান্ধানা-হারমানপ্রিত কৌরদের বিশ্বজয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রশংসার বন্দনা। ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকার, বিরাট কোহলিরা প্রকাশ করেছেন উচ্ছ্বাস। আবেগে আপ্লুত অনেকে।
শচিন টেন্ডুলকার ১৯৮৩ তে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের উদাহরণ টেনে বলেন, '১৯৮৩ আমাদের এক প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে তাড়া করতে অনুপ্রাণিত করেছিল। আজ আমাদের নারী ক্রিকেট দল কিছু সত্যিই অসাধারণ কাজ করেছে। তারা দেশের বহু তরুণীকে অনুপ্রাণিত করেছে - ব্যাট ও বল হাতে তুলে নিতে, মাঠে নামতে এবং বিশ্বাস করতে যে একদিন তারাও সেই ট্রফি জিততে পারবে। এটি ভারতীয় নারী ক্রিকেটের যাত্রায় এক ঐতিহাসিক মুহূর্ত। অভিনন্দন, টিম ইন্ডিয়া। তোমরা পুরো দেশকে গর্বিত করেছ।'
শচিন টেন্ডুলকারকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বহু ভারতীয় ক্রিকেটার সে হোক ছেলে বা মেয়ে। শচিন বিশ্বকাপ জিতেছেন ২০১১ সালে।
বিরাট কোহলি শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'আগামী প্রজন্মের জন্য প্রেরণা হয়ে উঠেছো তোমরা। তোমাদের নির্ভীক ক্রিকেট আর অটল বিশ্বাসে প্রত্যেক ভারতীয় গর্বিত। তোমরা এই সাফল্যের সকল প্রশংসার যোগ্য - এই মুহূর্তটা উপভোগ করো পুরোপুরি। দারুণ খেলেছো, হরমন এবং দল। জয় হিন্দ।'
ভারতের সাবেক অধিনায়ক, যিনি পরে ভারতীয় বোর্ডের সভাপতিও হন সৌরভ গাঙ্গুলি বলেন, 'মেয়েদের অসাধারণ সাফল্য! গত ৬ বছরে তারা অনেক দূর এগিয়েছে। তাদের নিয়ে ভীষণ গর্বিত… বিশ্ব চ্যাম্পিয়ন।'