ভেনেজুয়েলার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির কাছে পুয়ের্তো রিকোতে একটি পরিত্যক্ত নৌঘাঁটি সংস্কার করছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে মার্কিন নির্মাণ কার্যক্রম গত ২০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল। হঠাৎ, গত ১৭ সেপ্টেম্বর থেকে এই ঘাঁটিতে সংস্কারকাজ শুরু হয়। স্যাটেলাইটে ধারণ করা ছবিতে দেখা যায়, ঘাঁটির রানওয়েতে যাওয়ার পথ পরিষ্কার এবং পুনর্নির্মাণের কাজ চলছে। এ ছাড়া পুয়ের্তো রিকো এবং সেন্ট ক্রোয়িক্স দ্বীপে বেসামরিক বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণ করছে ওয়াশিংটন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকো এবং সেন্ট ক্রোয়েক্স দ্বীপে বেসামরিক বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণ করছে। ভেনেজুয়েলা থেকে এসব এলাকার অবস্থান প্রায় ৮০০ কিলোমিটার দূরে।
সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রে মাদক পাচার বন্ধের নামে ভেনেজুয়েলার চারপাশে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন।